আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে।
শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।
প্রেস উইংয়ের তথ্যমতে, এবারের নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ফলে পর্যবেক্ষকের তালিকায় যুক্ত হচ্ছে বিভিন্ন প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থা ও দেশ।
ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসি-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
পরিসংখ্যান অনুযায়ী, ১২তম জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন ১৫৮ জন, ১১তম নির্বাচনে ১২৫ জন এবং ১০ম নির্বাচনে মাত্র চারজন।
ওআইসির দুই সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার। এছাড়া আনফ্রেল থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, আইআরআই থেকে সাতজন এবং এনডিআই থেকে একজন পর্যবেক্ষক আসবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও অংশ নেবেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব লামিয়া মোরশেদ জানান, আমন্ত্রিত কয়েকটি দেশ এখনো তাদের প্রতিনিধি চূড়ান্ত না করায় পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট।

