লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নাজমুল ইসলাম মোহন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার নাজমুল ইসলাম মোহন উপজেলার উদয়পুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির নজরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ছাত্রলীগের কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
এর আগে শুক্রবার (৮ মে) রাতে ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার উদয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলে “অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো” এবং “রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চাই”—এ ধরনের বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ব্যানারে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহম্মেদ রাসেলের নামও দেখা যায়।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রায় ১৫–২০ জন নেতাকর্মী ওই মিছিলে অংশ নেয়।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নাজমুল ইসলাম মোহনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “শুধু মিছিল নয়, তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার সময় বিস্তারিত জানানো হবে।”

