একটি নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেল সেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, নিষিদ্ধ দলটি এক সময় রাজনৈতিক দল ছিল। কিন্তু জনগণের প্রতিপক্ষ হয়ে কাজ করতে গিয়ে তারা আজ পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত এবং সর্বশেষ নিষিদ্ধ হয়েছে।
তিনি বলেন, “নিষিদ্ধ মানে নিষিদ্ধই। জাতি নিষিদ্ধ চেয়েছে বলেই দলটি নিষিদ্ধ হয়েছে।”
শেখ রবিউল আলম আরও বলেন, একটি রাজনৈতিক দলের বৈধতা জনগণ দেয়। গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং দেশ ছাড়তে বাধ্য করেছে। ফলে জনগণ ও আইন—উভয় দিক থেকেই দলটি নিষিদ্ধ। তাই এ ধরনের বিষয় নিয়ে আলোচনা না করাই শ্রেয় বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি সরকারের সৌরবিদ্যুৎ উৎপাদন পরিকল্পনার কথাও তুলে ধরেন। মন্ত্রী জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন খালি জায়গা চিহ্নিত করা হচ্ছে। বিশেষ করে তিন একরের বেশি জমিতে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, তিন একরের বেশি জায়গায় এক মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এসব স্থানে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয়ভাবে ব্যবহার করার পাশাপাশি জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।

