নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—পূর্ণকলস গ্রামের মিন্টু মিয়ার ছেলে আরাফাত রহমান (১১) এবং রাজু আহমেদের ছেলে মোহাম্মদ আলী (১০)। তারা দুজনই স্থানীয় পূর্ণকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন জানান, সকালে প্রায় ১১টার দিকে দুই শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা কলাগাছ নিয়ে খেলছিল। দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে পুকুরপাড়ে তাদের পোশাক ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে পানির নিচ থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

