চট্টগ্রামের মীরসরাই উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় সায়েম চৌধুরী (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।
বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেরামারা বড়থলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সায়েম চৌধুরী একই এলাকার মৃত বশির আহম্মদের ছেলে। আহত শিশু সোহেল রানা (১০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, প্রায় দুই মাস আগে ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকা থেকে সায়েমের পরিবার সেখানে এসে বসবাস শুরু করে। তার মা স্থানীয় বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন এবং সায়েম ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পরিবারকে সহায়তা করত।
বুধবার রাতে নতুন বসতঘর নির্মাণের জন্য কয়েকজন বন্ধুকে নিয়ে ঘরের পাশের পাহাড় থেকে মাটি কাটছিল সায়েম। এ সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়ে সায়েম ও সোহেল মাটিচাপা পড়ে যায়।
পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহদি হাসান জানান, রাতে পাহাড় কাটার খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গেছে। রিজার্ভ ফরেস্টের জমি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মাটিচাপায় কিশোর নিহত হওয়ার ঘটনায় পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

