সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
সোমবার (১৮ মে) ভূমিসেবা মেলা উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “আগে অনেকে নিজেদের দেশের মালিক ভাবতেন, শুধু আমি আর আমার কথা বলতেন। আমরা বলতে চাই—আমরা ও আমাদের দেশ।”
তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। এই কাজের পথ কঠিন হলেও সরকার মানুষের সেবক হিসেবে কাজ করার চেষ্টা করছে। তিনি রাজনীতিবিদদের ভুল হলে জনগণকে তা সংশোধনে সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত সেবা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চলছে। তবে অনেক নাগরিক এখনো এসব সেবা সম্পর্কে সচেতন নন।
তিনি বলেন, “আমরা যে স্বয়ংক্রিয় সেবা দিচ্ছি, তা এখনো প্রান্তিক পর্যায়ে ঠিকভাবে পৌঁছায়নি। সারা দেশে সচেতনতা বাড়ানোর জন্যই এই ভূমিসেবা মেলার আয়োজন।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময় বলেন দেশের জনগণই প্রকৃত মালিক। সেই দৃষ্টিভঙ্গি থেকেই ভূমি মন্ত্রণালয় জনগণকে সেবা দিতে কাজ করছে।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারা দেশে একযোগে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে প্রধান আয়োজন হবে এই মেলার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানানো হয়েছে।

