ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদী থেকে ট্রাক্টরসহ এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমন ধানের জমি চাষ করতে গিয়ে ট্রাক্টরটি উল্টে নদীতে পড়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম জয় বিশ্বাস (২০)। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম আলী বিশ্বাসের ছেলে।
শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রামের পদ্মা নদীর পাড় থেকে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয় বিশ্বাস বালুরঘাট গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ট্রাক্টরের চালক হিসেবে কর্মরত ছিলেন। গত দুই দিন ধরে তিনি ওই ট্রাক্টর দিয়ে কৃষিজমি চাষের কাজ করছিলেন।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পদ্মা নদীর তীরবর্তী একটি জমিতে চাষের সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি আটকা পড়েন। ওই সময় ঘটনাস্থলে অন্য কেউ না থাকায় দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়রা নদীতে ট্রাক্টরের চাকা ও অন্যান্য অংশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালিয়ে বেলা ১১টার দিকে চালক জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করে।
চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওহিদুল ইসলাম জানান, ট্রাক্টরটি নদীর পাড়ে আংশিকভাবে ডুবে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমঘোরে নিয়ন্ত্রণ হারানো অথবা নদীর পাড়ের মাটি ধসে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

