ঢাকা, ১২ এপ্রিল: বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রমাদান রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাজধানীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় ও সরকার গঠনের পর ফিলিস্তিনি নেতৃত্বের পক্ষ থেকে জানানো শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতে ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বাংলাদেশের ধারাবাহিক অবস্থানও তুলে ধরেন।
উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

