বগুড়ার গাবতলী উপজেলায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে শশী আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শশী আক্তার স্থানীয় বাসিন্দা সবুজ প্রামাণিকের মেয়ে। বিকেলে নিজ বাড়ির টিনের ঘরে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে মেশিনটি বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং তিনি গুরুতর দগ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, শশী অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর পড়া ছেড়ে দেন এবং সেলাই কাজ করে পরিবারকে সহায়তা করতেন। বিস্ফোরণের পর ঘর বিদ্যুতায়িত হয়ে পড়লে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও পাশের ঘরে থাকা তার বাবা-মা চেষ্টা করেছিলেন।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কয়েকটি ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

