ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বিশ্ব অর্থনীতিতে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণবাজারে, যেখানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মূল্যবান ধাতুটির দামে উল্লেখযোগ্য পতন হয়েছে।
সোমবার (৪ মে) লেনদেন শুরুর পরপরই বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে যায়। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের আচরণে পরিবর্তন আসায় এই ধস দেখা দেয়।
প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় (GMT) বেলা ১১টা ৪০ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৩ দশমিক ৫৩ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার বাজারে দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৫ দশমিক ৪০ ডলারে লেনদেন হয়।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির পেছনে মূল কারণ হলো ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তা। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের পরিবর্তে বিনিয়োগকারীরা এখন মার্কিন ডলারের দিকে ঝুঁকছেন।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ তৈরি হয়েছে। তেলের দাম ব্যারেলপ্রতি ১১৩ ডলার ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।
বায়বিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় স্বর্ণবাজারে চাপ সৃষ্টি হয়েছে। তাঁর মতে, এই অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে ডলারকে তুলনামূলক নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন।

