বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার মূল বেতনের সঙ্গে ১৫ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের এই ঘোষণার পর আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত জানানো হলে শিক্ষক নেতাদের পক্ষ থেকে দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আমরা সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট, বুধবার থেকে ক্লাসে ফিরে যাচ্ছি।
এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সভাপতিত্বে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় ১৫ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির সিদ্ধান্ত হয়।
চলতি অর্থবছরেই শিক্ষক-কর্মচারীরা ৭.৫ শতাংশ বাড়িভাতা পাবেন, বাকি ৭.৫ শতাংশ কার্যকর হবে পরবর্তী অর্থবছর থেকে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, বাড়িভাতা ২০ শতাংশসহ তিন দফা দাবিতে টানা ১০ দিন শহীদ মিনারে আমরণ অনশন করেছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

