ময়মনসিংহ নগরীর কলেজ রোড তিনকোনা পুকুরপাড় এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
এ ঘটনায় রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর মুজিবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে ঢাকা বিভাগের কর্মকর্তা এবিএম কামরুজ্জামান।
রেলওয়ে সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের বগিটি নগরীর ইটাখলা তিনকোনা পুকুরপাড় এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী রিলিফ ট্রেন ডাকা হয়। তবে উদ্ধারকাজ শুরুর আগেই কেওয়াটখালী লোকোশেড থেকে আসা রিলিফ ট্রেনটি বাঘমারা রেলক্রসিং এলাকায় লাইনচ্যুত হওয়ায় উদ্ধার অভিযানে কিছুটা বিলম্ব ঘটে।
পরে রিলিফ ট্রেনের হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয়। এরপর দুপুর সোয়া ১২টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

