মাগুরার শ্রীপুর উপজেলায় ইয়াবাসহ ফায়ার সার্ভিসের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার সারঙ্গদিয়া এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাঈদ হোসেন শ্রীপুর ফায়ার স্টেশনের সদস্য। বৃহস্পতিবার রাতে সারঙ্গদিয়া গ্রামে ইয়াবা কেনাবেচার সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাঈদ হোসেন জানান, তিনি ও তার এক ব্যাচমেট মিলে মোট ১০০ পিস ইয়াবা এনেছিলেন। এর মধ্যে ১৬ পিস তার কাছে ছিল এবং বাকি ৮৪ পিস তার কক্ষের খাটের নিচে রাখা আছে বলে তিনি দাবি করেন।
মাগুরা জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি তারা জেনেছেন এবং ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতা ওই ফায়ার সার্ভিস কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

