উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো হামলার বিরুদ্ধে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ওয়াশিংটনকে সতর্ক করে তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন বা কোনো ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি হবে ভয়াবহ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এসএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, “যেমনটা আগে থেকেই ধারণা করা হয়েছিল, শত্রু পক্ষ সবসময় তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। তারা প্রতারক এবং কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।”
তিনি আরও বলেন, আলোচনার যেকোনো পর্যায়ে কিংবা যেকোনো মুহূর্তে প্রতিপক্ষ উসকানিমূলক পদক্ষেপ নিতে পারে। অতীতে শত্রুপক্ষ যে ধরনের পদক্ষেপ নিয়েছে, ইরান তার উপযুক্ত জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে।
হোসেইন মোহেবি দাবি করেন, ইরান তার অবস্থানে অনড় রয়েছে। যদি শত্রুপক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করে বা প্রতিশ্রুতি ভঙ্গ করে, তবে আগের চেয়েও কয়েক গুণ শক্তিশালী ও কঠোর জবাব দেওয়া হবে।
শত্রুপক্ষের এমন আচরণকে “স্বাভাবিক” আখ্যা দিয়ে তিনি বলেন, ইরান তাদের শত্রুতামূলক মনোভাব সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছে।

