ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে তেজগাঁওয়ের তেজতুরী বাজারে গুলি করে হত্যা করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে স্টার কাবাবের পেছনের গলিতে এ ঘটনা ঘটে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হত্যাকাণ্ডকে দেশে পরিকল্পিত অস্থিতিশীলতা তৈরির “নির্মম বহিঃপ্রকাশ” হিসেবে আখ্যায়িত করেছেন। শোক বিবৃতিতে তিনি বলেন, এই ধরনের সহিংসতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে ঝুঁকির মধ্যে ফেলে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর দুষ্কৃতকারীরা আবার নৈরাজ্যের মাধ্যমে সুবিধা পাওয়ার চেষ্টা করছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে সহায়ক। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিএনপি মহাসচিব নিহত আজিজুরের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

