খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল এলাকার রেজুর দোকানসংলগ্ন একটি গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপন চাকমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মানিকছড়ি শাখায় ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে গচ্ছাবিল এলাকায় যাচ্ছিলেন সুপন চাকমা। পথে রেজুর দোকানসংলগ্ন সরু গ্রামীণ সড়কে পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

