আন্তর্জাতিক ডেস্ক: চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে দুর্বল করে দেশটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল—এমন অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে দেশটিকে দুর্বল করা এবং বিভক্ত করার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য হচ্ছে ইরানের শক্তি ক্ষয় করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করা।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এবং “জায়নিস্ট শাসকগোষ্ঠী” এমন এক অশুভ উদ্দেশ্য অনুসরণ করছে যার মাধ্যমে তারা ইরানসহ মধ্যপ্রাচ্যের বড় বড় ইসলামি দেশগুলোকে দুর্বল ও বিচ্ছিন্ন করে দিতে চায়।
মাসুদ পেজেশকিয়ান বলেন, এসব চাপ, হুমকি ও হামলার মধ্যেও ইরান নিজেদের অবস্থান থেকে সরে যাবে না। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ইরান দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ইরানের জনগণ ও সরকার দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ রয়েছে এবং বাহ্যিক চাপ মোকাবিলায় তারা প্রস্তুত।
সূত্র: আল জাজিরা

