জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে শ্রমিকদের কর্মসূচির কারণে রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (১৮ মে) সকাল থেকে শ্রমিকরা নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন এবং বাস চলাচল বন্ধ রাখেন।
সরেজমিনে দেখা যায়, টার্মিনালে দূরপাল্লার বিভিন্ন পরিবহণের কাউন্টার বন্ধ থাকলেও অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
কুমিল্লাগামী যাত্রী তসিকুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পরিকল্পনা থাকলেও বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন। তিনি অভিযোগ করেন, এ ধরনের আকস্মিক কর্মসূচিতে সাধারণ যাত্রীরা নিয়মিত ভোগান্তিতে পড়েন।
শ্রমিকদের দাবি অনুযায়ী, রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।
এর আগে রফিকুল ইসলাম পাখি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। শ্রমিকদের একাংশের অভিযোগ, তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ কারণে তারা নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি জানাচ্ছেন। রফিকুল ইসলাম পাখি একই সঙ্গে রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতিও।
তবে এ বিষয়ে রফিকুল ইসলাম পাখি বলেন, বাস বন্ধের বিষয়ে তিনি অবগত নন এবং বিষয়টি খতিয়ে দেখবেন।
অন্যদিকে নজরুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ জানান, নতুন কমিটি প্রত্যাখ্যান করেই শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন এবং বিষয়টি সমাধানে আলোচনা চলছে।

