রামগতি উপজেলায় পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহের জেরে মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (৬ এপ্রিল) ভোরে উপজেলার চরআলগী ইউনিয়নের সুফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় জবিউল ডাক্তারের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে আনোয়ারের বিয়ে হয় একই এলাকার ইয়াসমিন আক্তারের সঙ্গে। বিয়ের পর থেকেই তাদের সংসারে নানা বিষয়ে ঝগড়া চলছিল।
অভিযোগ অনুযায়ী, স্ত্রী ইয়াসমিন সংসার চালিয়ে যাওয়ার জন্য স্বামী আনোয়ারের সামনে ৯টি লিখিত শর্ত দেন। শর্তগুলোর মধ্যে ছিল—স্বামীর মা-বোনের সঙ্গে সম্পর্ক সীমিত করা, স্ত্রীর ওপর কোনো ধরনের আঘাত না করা, স্বর্ণালংকার বুঝিয়ে দেওয়া, দেনমোহরের পরিবর্তে ২০ শতাংশ জমি স্ত্রীর নামে লিখে দেওয়া, পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ না করা, বাবার বাড়িতে যাতায়াতে বাধা না দেওয়া এবং সম্পূর্ণ স্বাধীনতা দেওয়াসহ বিভিন্ন দাবি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব শর্ত মানতে না পেরে গত সোমবার (৪ মে) আনোয়ার শ্বশুরবাড়িতে গিয়ে বিচার চাইতে গেলে সেখানে অপমানিত হন। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে তিনি বাড়িতে ফিরে আত্মহত্যা করেন।
এ বিষয়ে স্ত্রী ইয়াসমিনের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রামগতি থানা-র ওসি লিটন দেওয়ান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

