প্রান্তিকপর্যায়ে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে আয়োজন করা হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
শনিবার (২৯ নভেম্বর) জামায়াতে ইসলামী ভোজেশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে বিঝারী উপসী তাঁরাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী মনোনীত শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন।
ডা. মাহমুদ হোসেন জানান, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিকস, গাইনী, ডেন্টাল ও শিশুরোগ বিভাগের মোট ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনভর প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করছেন। শুধু চিকিৎসাই নয়, বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতেও জনগণের সঙ্গে সরাসরি কথা বলছেন তারা।
তিনি আরও জানান, গত এক বছরে শরীয়তপুরে তাদের উদ্যোগে ১০ হাজারের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। আগামীতে এ কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দীর্ঘদিন ধরে অসুস্থ কৃষক আব্দুল হক মিয়া বলেন, হাসপাতালে যেতে হলে অনেক টাকা এবং সময়ের প্রয়োজন হয় কিন্তু এখানে বিনা খরচে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারছি এটা আমাদের মতো গরিব মানুষের জন্য বড় উপকার। আমি চাই এই ধরনের সেবা সবসময় আমাদের এখানে হউক।
চিকিৎসা নিতে আসা রোকেয়া বেগম বলেন, আমাদের এলাকায় গাইনী চিকিৎসক পাওয়া খুব কঠিন। আজ দেখে, আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট বুঝিয়ে দেওয়ায় অনেক স্বস্তি পেলাম। আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে আলাদা কক্ষ ও ডাক্তার রয়েছে যেটি অন্য কোন ফ্রী মেডিক্যাল ক্যাম্পে দেখা যায়নি। এ ধরনের ক্যাম্প নিয়মিত হলে আমরা উপকৃত হবো।
অপর এক রোগী বলেন, অর্থোপেডিক্স ডাক্তারকে দেখার জন্য ঢাকায় যেতে হয়। আজ এখানে এক্সপার্টের কাছে পরামর্শ নিতে পেরে ভালো লাগছে। খুব সুন্দর আয়োজন। আমাদের চরাঞ্চলের মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সেখানে এইধরনের কাজ সত্যিই প্রশংসনীয়। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

