সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্রত্যন্ত অঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক বিকল হয়ে পড়লে পানিশূন্যতা ও চরম তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নাইজারের আগাদেজ গভর্নর অফিস জানায়, নিহতরা একটি মুসলিম ধর্মীয় উৎসবে অংশ নিয়ে মালি থেকে নিজ দেশে ফিরছিলেন। পথে সাহারা মরুভূমির মধ্যে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে পড়ে। ঘটনাটি ঘটে আলজেরিয়া সীমান্তসংলগ্ন ‘আসামাকা’ সীমান্ত পারাপার কেন্দ্র থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে।
গভর্নর অফিসের তথ্য অনুযায়ী, গাড়িটি বিকল হওয়ার পর চালক ও তার সহকারীদের সঙ্গে যাত্রীরা ট্রাকটি মেরামতের চেষ্টা করেন। তবে দুর্গম পরিবেশ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সেই চেষ্টা ব্যর্থ হয়। চারপাশে কোনো জনবসতি কিংবা পানির উৎস না থাকায় তারা মরুভূমির মধ্যেই আটকা পড়ে যান।
প্রচণ্ড গরম এবং পানির অভাবে একে একে ৪৯ জন যাত্রীর মৃত্যু হয়। পরে মরুভূমির বুকেই তাদের গণকবরে দাফন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
তবে এই ভয়াবহ ঘটনার মধ্যেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান দুই যাত্রী। তারা জীবন বাঁচাতে প্রায় ৫০ কিলোমিটারের বেশি পথ হেঁটে একটি পানির উৎস খুঁজে পান। পরে সেখান থেকে আসামাকা সীমান্ত চৌকিতে পৌঁছে পুরো ঘটনার খবর প্রশাসনকে জানান।
সাহারা মরুভূমির এই অঞ্চলটি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে পরিচিত। প্রতি বছরই তীব্র গরম, পানির সংকট এবং প্রতিকূল পরিবেশের কারণে এ পথে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

