ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের সদস্যসচিব ডা. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলবে।
এর আগে আজ দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন ওসমান হাদি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন তিনি। মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে মোটরসাইকেলেই পালিয়ে যায়।
মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রিপোর্ট : জেড.এস

