সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাল্টা গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১৯ মে) সিলেট ৪৮ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে বিএসএফ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবি দ্রুত ও পেশাদারভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায়। এতে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ হলেও দ্রুত নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি। পরে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং বর্তমানে এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে যে কোনো উসকানিমূলক পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারভাবে দায়িত্ব পালন করছে।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে বলেও জানানো হয়।

