সুন্দরবন-এ পঞ্চমবারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ তিন বনদস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (১৫ মে) বেলা ১১টায় এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস তৌহিদ-এর নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ।
আটক ব্যক্তিরা হলেন মো. মেহেদী হাসান (২৫), মো. রমজান শরীফ (১৯) ও মো. এনায়েত (২৫)। তারা সুন্দরবনের কুখ্যাত ‘করিম-শরীফ বাহিনী’র সক্রিয় সদস্য বলে জানা গেছে।
কোস্ট গার্ড জানায়, অভিযানে তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গুলি, দুটি ওয়াকিটকি এবং চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়াখালী খাল এলাকায় ডাকাত বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এরপর বুধবার (১৩ মে) থেকে অভিযান শুরু করা হয় এবং দুই দিনব্যাপী অভিযানে তাদের আটক করা হয়।
এ সময় আরও জানা যায়, সম্প্রতি ওই বাহিনী জেলেদের অপহরণ করেছিল। বন বিভাগের অভিযানে জেলেদের উদ্ধার করা হলেও ডাকাতদের আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি সুন্দরবন-কে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

