হবিগঞ্জ থেকে সিলেটগামী বিরতিহীন বাস মৌলভীবাজারে আটকে দেওয়ার প্রতিবাদে হবিগঞ্জ থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, সোমবার রাতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিকসহ বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত নেয় হবিগঞ্জ মটর মালিক গ্রুপ।
সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, গত রোববার সকাল ৭টা থেকে আব্দুর রহিম রিপন তার লোকজন দিয়ে মৌলভীবাজারের শেরপুর এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটকে রাখছেন। গত দুই দিনে ৩৫ থেকে ৪০টি বাস আটকে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, প্রায় ২০০ পরিবহন শ্রমিক সেখানে অনিরাপদ অবস্থায় রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপন মোবাইল ফোনে জানান, তিনি সভায় রয়েছেন।
এ বিষয়ে ড. জি এম সরফরাজ বলেন, সকালে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সমস্যার সমাধান হবে।
হঠাৎ করে কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাসস্ট্যান্ডে এসে তারা জানতে পারছেন বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে অনেকে সিএনজি বা অটোরিকশাযোগে শায়েস্তাগঞ্জ গিয়ে সেখান থেকে অন্য যানবাহনে গন্তব্যে রওনা হচ্ছেন।
এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশাচালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

