হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সাবেক বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ও বর্তমানে দেশটির এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজায়ী।
তিনি বলেন, পারমাণবিক ইস্যু নিয়ে ইরান কোনো পক্ষের সঙ্গে আলোচনা করবে না এবং এ বিষয়ে দেশটির অবস্থান অটল থাকবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনার বরাতে জানা যায়, রেজায়ী প্রতিপক্ষকে সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের বাইরে গেলে তা আবারও দেশটির বিরুদ্ধে ব্যবহার হতে পারে।
তার মতে, ইরানের তৈরি “মডেল” অনুযায়ী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করবে এ অঞ্চলের দেশগুলো নিজেরাই। তিনি আরও দাবি করেন, আমেরিকা ও ইউরোপসহ সব বিদেশি বাহিনীর মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়া উচিত।
এর আগে রেজায়ী বলেছিলেন, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে এমন বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।

