মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক ব্যাখ্যামূলক পোস্ট দিয়েছেন।
বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, তিনি আল্লাহকে ভয় করেন এবং গোনাহ থেকে বাঁচার উদ্দেশ্যেই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হিসেবে দ্বিতীয় বিয়ে করেছেন।
এ বিষয়ে ওঠা সমালোচনার জবাবে বৃহস্পতিবার (৭ মে) তিনি “কিছু বিভ্রান্তি ও অপপ্রচারের জবাব!” শিরোনামে আরেকটি পোস্ট দেন।
পোস্টে তিনি দাবি করেন, দ্বিতীয় বিয়ের বিষয়ে প্রেম বা পূর্বপরিচয়ের অভিযোগ সঠিক নয়। তার ভাষায়, বিয়ের আগে সংশ্লিষ্ট নারীর সঙ্গে তার কোনো দেখা বা কথাবার্তা হয়নি এবং টিকটকসহ কোনো সামাজিক মাধ্যমে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও বলেন, বিয়ের প্রক্রিয়াটি একটি ম্যাচমেকিং প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হয়, যেখানে উভয় পক্ষের সম্মতিতে বিবাহ সম্পন্ন হয়। তিনি জানান, বিষয়টি তিনি তার প্রথম স্ত্রীকেও আগে থেকেই অবহিত করেছিলেন।
প্রথম স্ত্রীর গর্ভাবস্থায় দ্বিতীয় বিয়ের বিষয়ে তিনি ব্যাখ্যা দেন যে সময়ের মিল ঘটেছে একটি সংগঠিত প্রক্রিয়ার কারণে। তিনি আরও দাবি করেন, স্ত্রীর গর্ভকালীন সময়ে তিনি হাসপাতালে তার পাশে ছিলেন এবং তার যথাযথ যত্ন নিয়েছেন।
পোস্টে তিনি বলেন, তার দাম্পত্য জীবনে কোনো অবহেলা বা অনিয়ম ছিল—এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে তিনি যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত।
তিনি আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্বিতীয় বিয়ে নিয়ে যে সমালোচনা হচ্ছে, তার একটি অংশ ইসলামী বিধান অনুযায়ী একাধিক বিয়ের ধারণাকে কেন্দ্র করে বিরোধিতা।
পোস্টের শেষাংশে তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদাহরণ টেনে সমালোচনার জবাব দেন এবং দাবি করেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত সমালোচনা করা হচ্ছে।
তার এই পোস্ট প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে।

