হরমুজ প্রণালিতে মার্কিন কোনো যুদ্ধজাহাজে হামলার খবর নাকচ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম দাবি করে, যুক্তরাষ্ট্রের বাহিনী বর্তমানে ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনা করছে এবং ইরানের বিভিন্ন বন্দরে নৌ-অবরোধ কার্যকর রয়েছে।
এর আগে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে দাবি করেছিল, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সোমবার থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু হবে। এই উদ্যোগের মাধ্যমে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই পরস্পরবিরোধী এসব তথ্য সামনে আসায় পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

