হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা কোনোভাবেই বাধাগ্রস্ত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে তিনি এ সতর্কবার্তা দেন।
রোববার আল-জাজিরার এক প্রতিবেদনে কাতারের রাষ্ট্রীয় বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দুই নেতার আলোচনায় আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এ সময় শেখ মোহাম্মদ বলেন, নৌ চলাচলের স্বাধীনতা একটি সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক নীতি, যা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া বা এটিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে চলমান সংকট আরও গভীর হতে পারে। এতে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ ঝুঁকির মুখে পড়বে।
কাতারের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এমন পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বাজার ও সরবরাহ চেইনের স্থিতিশীলতাও হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

