কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য নতুন একটি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের সার্বিক কার্যক্রম ও নিরাপত্তা তদারকির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নিয়েছে তেহরান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, নবগঠিত সংস্থাটির নাম রাখা হয়েছে ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ।
নতুন এই সংস্থাটি মূলত হরমুজ প্রণালির বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলসহ যাবতীয় অপারেশন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে প্রণালির সর্বশেষ পরিস্থিতি এবং নিরাপত্তা সংক্রান্ত যেকোনো পরিবর্তন বা আপডেট তাৎক্ষণিকভাবে প্রকাশ করবে কর্তৃপক্ষটি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করতেই ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন সংস্থা গঠনের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

