আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৪ মে) সচিবালয়ে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, কুরবানির পর বর্জ্য ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বয় করে সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, অতীতে যেখানে বর্জ্য অপসারণে সময় লাগত এবং শহর-গ্রামে সমস্যার সৃষ্টি হতো, এবার সেই পরিস্থিতি এড়াতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্যানিটেশনসহ জনস্বাস্থ্য রক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় শিগগিরই সিটি করপোরেশন প্রশাসক, মেয়র এবং জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করে বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করবে।
এছাড়া প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, মহাসড়কের ওপর কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। একই নিষেধাজ্ঞা রেললাইনের পাশের এলাকাগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে, যাতে দুর্ঘটনা ও যানজট এড়ানো যায়।

