আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২০ মে) দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা এবং বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের পথে রয়েছে। তিনি জানান, বগুড়া ও ঠাকুরগাঁওয়ের বন্ধ বিমানবন্দর চালুর বিষয়টি ইতোমধ্যে পরিকল্পনা কমিশনের ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, দ্রুতই সম্ভাব্যতা যাচাই (সার্ভে) ও সংস্কার কাজ শুরু হবে। সব ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যে এই বিমানবন্দর থেকে আবারও উড়োজাহাজ চলাচল শুরু হবে।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, জাহিদুর রহমান, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ্জামানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

