দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খয়েরবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো— সাবিহা (৪) ও সিয়াম (৩)। তারা ওই এলাকার শাহিন আলমের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুরা বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া একটি পুকুর সদৃশ গভীর গর্তে পড়ে যায়। পরে দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে ওই গর্ত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এর চিকিৎসক ডা. আলিফ নুরে আলম সায়েদী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়।
স্থানীয় খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া গভীর গর্তে পানি জমে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর ধারণা, প্রথমে সিয়াম গর্তে পড়ে যায় এবং তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন সাবিহাও পানিতে পড়ে ডুবে যায়।
এ ঘটনায় ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক শাপলা বেগম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

