তাপপ্রবাহের পর দেশে টানা বৃষ্টি ও বজ্রবৃষ্টিতে জনজীবন ও কৃষিতে নতুন করে ভোগান্তি তৈরি হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতারও খবর পাওয়া গেছে। এদিকে মে মাসে ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এছাড়া মে মাসে দেশে ১ থেকে ৩টি মৃদু (৩৬–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮–৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং এর মধ্যে একটি তীব্র (৪০–৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি এবং ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
অন্যদিকে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি সময়বিশেষে বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

