হরমুজ প্রণালির একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী । সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত মানচিত্র অনুযায়ী, নিয়ন্ত্রিত এলাকার পশ্চিম সীমা নির্ধারণ করা হয়েছে ইরানের কেশম দ্বীপ-এর পশ্চিম প্রান্ত থেকে উম্ম আল কোয়াইন আমিরাত পর্যন্ত একটি রেখা দিয়ে। অপরদিকে, পূর্ব সীমা নির্ধারণ করা হয়েছে ইরানের মাউন্ট মোবারক থেকে ফুজাইরাহ আমিরাত পর্যন্ত বিস্তৃত একটি রেখার মাধ্যমে।
তবে নতুন এই মানচিত্রে দেখানো নিয়ন্ত্রিত এলাকা আগের তুলনায় পরিবর্তিত হয়েছে কি না, কিংবা এর সুনির্দিষ্ট পরিধি কতটুকু—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইরানের ‘খাতামুল আনাম্বিয়া (স.) কেন্দ্রীয় সদর দপ্তর’-এর কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এ পথে যেকোনো নৌ-চলাচল দেশটির সশস্ত্র বাহিনীর সমন্বয়ের মাধ্যমেই হতে হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী—বিশেষ করে মার্কিন সেনাবাহিনী—যদি এই অঞ্চলের কাছাকাছি আসতে বা প্রবেশ করতে চায়, তাহলে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

