দেশের জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকালিস্ট হাসানের মা রৌশনারা আজিজ ইন্তেকাল করেছেন। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শোক প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি লেখেন, “ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ আজ দুপুর ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”
পরিবার সূত্রে জানা যায়, সোমবার বাদ মাগরিব রাজধানীর লালমাটিয়া বিবি মসজিদ-এ জানাজা শেষে মরহুমার মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
টিংকু আজিজুর রহমান আরও জানান, আর্ক ব্যান্ডের পক্ষ থেকে সবাইকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে হাসানের সহকর্মী ও ভক্তরা তার মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

