ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার জালনোটসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ।
গ্রেফতারকৃতরা হলেন মো. কাউছার (৫০) ও মো. কামাল (৫১)। মঙ্গলবার (৫ মে) দুপুরে কদমতলীতে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।
ডিবি (দক্ষিণ) থানার ওসি সফিকুল ইসলাম সুমন-এর নেতৃত্বে সোমবার (৪ মে) রাত ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার ভাঙ্গনা মুজিবনগর এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় তাদের গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ইপসন রঙিন প্রিন্টার, একটি হ্যান্ড সিলার মেশিন এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত তিনটি কাঠের ফ্রেমযুক্ত ডাইস উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার কাউছারের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় জাল টাকা তৈরি ও বাজারে সরবরাহের অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

