পবিত্র হজকে সামনে রেখে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, হজের আনুষ্ঠানিকতা শুরুর কমপক্ষে ১০ দিন আগে সব প্রয়োজনীয় টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) এ তথ্য প্রকাশ করে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হজ চলাকালে বিপুল জনসমাগমের কারণে সংক্রামক রোগের বিস্তার রোধ এবং যাত্রীদের স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, টিকা শরীরে কার্যকর প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সময় লাগে, তাই আগেভাগেই টিকা গ্রহণ জরুরি।
চলতি বছরের হজে অংশগ্রহণকারীদের জন্য বাধ্যতামূলক ও গুরুত্বপূর্ণ টিকার মধ্যে রয়েছে— মেনিনজাইটিস, কোভিড-১৯ এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা। হজ মৌসুমে ভিড়ের কারণে এসব রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে বলে সতর্ক করা হয়েছে।
টিকা গ্রহণের জন্য হজযাত্রীরা সৌদি আরবের ‘Sehhaty (সেহাতি)’ অ্যাপের মাধ্যমে সহজেই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। নির্ধারিত প্রাপ্তবয়স্ক ইমিউনাইজেশন ক্লিনিকগুলোতে এই সেবা পাওয়া যাবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একাধিক টিকা একসঙ্গে বা আলাদাভাবে নেওয়া যাবে। এসব টিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিরাপদ, এবং গর্ভবতী নারীরাও এটি গ্রহণ করতে পারবেন।
প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি হজ পালনের জন্য মক্কায় সমবেত হন। এই বৃহৎ সমাবেশ নিরাপদ রাখতে সৌদি সরকার নিয়মিতভাবে স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত নানা পদক্ষেপ গ্রহণ করে থাকে। এবারের টিকা গ্রহণের সময়সীমা নির্ধারণও সেই ধারাবাহিক ব্যবস্থারই অংশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

