যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো সাম্প্রতিক প্রস্তাবটি ইরান এখনও পর্যালোচনা করছে এবং এর বিপরীতে নিজেদের অবস্থান নির্ধারণে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
শুক্রবার (৮ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। বাঘাই বলেন, তেহরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে মার্কিন প্রস্তাবটি খতিয়ে দেখছে এবং বিস্তারিত পর্যালোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, গত রাতে মার্কিন বাহিনীর সঙ্গে সংঘটিত সামরিক উত্তেজনার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইসমাইল বাঘাই ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু উস্কানিমূলকই নয়, বরং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতিমালার সুস্পষ্ট অবমাননা।
তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।
বাঘাইয়ের এই বক্তব্য এবং যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

