রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে ফোম ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

