২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। তবে বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কাছে একাধিক শর্ত জুড়ে দিয়েছে তেহরান।
ফেডারেশনটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, তারা বিশ্ব আসরে অংশ নিতে দৃঢ়প্রতিজ্ঞ, তবে অংশগ্রহণের ক্ষেত্রে ইরানের সাংস্কৃতিক, আদর্শিক ও নিরাপত্তাজনিত উদ্বেগগুলো অবশ্যই বিবেচনায় নিতে হবে।
ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, তারা মোট ১০টি শর্ত উপস্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরবচ্ছিন্ন ভিসা সুবিধা নিশ্চিত করা, টুর্নামেন্ট চলাকালে ইরানের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন, এবং দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
শর্তগুলোর মধ্যে আরও রয়েছে বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের সময় ইরান দলের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।
ফেডারেশনটির দাবি, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আসরে তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ, যার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

