পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের বাইরে বা সড়কে গরুর গাড়ি কিংবা পশুবাহী যানবাহন নিয়ে বিশৃঙ্খলা করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ।
তিনি বলেন, হাটের শৃঙ্খলা বজায় রাখা এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে হাটের নির্ধারিত সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। একই সঙ্গে পশুর হাটগুলোতে জাল টাকা শনাক্তের জন্য মেশিন থাকবে বলে জানান তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, ঈদের সময় সড়কে চলমান খোঁড়াখুঁড়ি কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে জনদুর্ভোগ কমানো যায়।
মঙ্গলবার (১৯ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন, কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তা এবং ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় তিনি সরকারের সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার আহ্বান জানান।
এতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষ ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ডেসকো, ঢাকা জেলা প্রশাসনসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থা এবং পশুর হাটের ইজারাদার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

