২০২৬ বিশ্বকাপ শুরুর আর এক সপ্তাহও বাকি নেই। এমন সময়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টের আগে দলজুড়ে একাধিক খেলোয়াড়ের ইনজুরি কোচ লিওনেল স্কালোনির দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর দাবি, ইনজুরির কারণে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনতে হতে পারে আর্জেন্টিনাকে। বিশেষ করে মিডফিল্ডার নিকো পাজের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জানা গেছে, নিকো পাজ এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এ কারণে তার বিকল্প হিসেবে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়াকে বিবেচনায় রাখা হয়েছে। এমনকি প্রয়োজন হলে দ্রুত দলে যোগ দেওয়ার জন্য বুয়েন্দিয়াকে দীর্ঘ ছুটিতে না যেতে বলা হয়েছে বলেও খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।
অন্যদিকে, কোমো ১৯০৭-এর হয়ে খেলা নিকো পাজ হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। বর্তমানে তিনি বিশেষ চিকিৎসা নিচ্ছেন। ফলে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মিডফিল্ডের পাশাপাশি আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ ছড়িয়েছে দলের অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি নিয়েও। অধিনায়ক লিওনেল মেসি হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন এবং বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও চোটাক্রান্ত। ডান হাতের একটি আঙুলে চোট পাওয়ায় তিনি পূর্ণমাত্রায় অনুশীলন করতে পারছেন না।
রক্ষণভাগেও রয়েছে সংকট। গনজালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা দুজনই পেশির চোটে ভুগছেন। ফলে দলের ডান দিকের রক্ষণভাগ নিয়ে চিন্তায় রয়েছে কোচিং স্টাফ।
এ ছাড়া মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত। অভিজ্ঞ এই ফুটবলারের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
এই দুটি ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে আর্জেন্টিনা। দলটি আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

