কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতি করে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অভিযুক্ত ডাকাতদের আটকের পর তাদের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যবহৃত পিকআপ ভ্যান স্থানীয় কিছু সুযোগসন্ধানী ব্যক্তি নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন— ফারুক মিয়া (৩৯), বাহাদুর (২৬), মনির হোসেন (২৬), রবিউল ইসলাম (৩০) এবং মোহন বেপারী (৩৮)। তাদের মধ্যে চারজন কুমিল্লার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং একজন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতি শেষে একটি পিকআপ ভ্যানে করে দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছিল একটি সংঘবদ্ধ ডাকাত দল। পথে চান্দিনা উপজেলার কালিয়ারচর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় পিকআপটি। দুর্ঘটনার পর অটোরিকশার যাত্রীরা ডাকাতদের গাড়ির বিষয়ে স্থানীয়দের অবহিত করেন।
খবর পেয়ে কুটুম্বপুর এলাকায় স্থানীয় বাসিন্দারা সড়কে ব্যারিকেড তৈরি করে অপেক্ষা করতে থাকেন। পরে পিকআপটি সেখানে পৌঁছালে জনতা সেটি আটক করে। এ সময় পাঁচজনকে ধরে ফেলতে সক্ষম হলেও তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করলে তারা আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আহতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে স্থানীয় একাধিক সূত্র অভিযোগ করেছে, ডাকাতদের আটকের পর ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তি তাদের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে যায়। এমনকি ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, “আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তাদের কাছ থেকে লুট হওয়া মালামাল ও ব্যবহৃত পিকআপ ভ্যান উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

