যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গোলাগুলির ঘটনায় ৯ জন আহত হয়েছেন। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফুটবল দলের ক্যাম্প একই শহরে থাকায় এ ঘটনায় নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সময় অনুযায়ী গত শনিবার ভোর ৪টার দিকে কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে কেউ গুরুতরভাবে আহত হননি বলে জানা গেছে।
কানসাস সিটি পুলিশ জানিয়েছে, ঘটনার পর এখনো কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুরো এলাকা ঘিরে তদন্ত চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক ও দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ঘটনার স্থান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল তাদের প্রস্তুতি ক্যাম্প করছে। একই শহরে ক্যাম্প করছে ইংল্যান্ড জাতীয় দলও। এছাড়া আলজেরিয়া ও নেদারল্যান্ডস দলেরও কানসাস সিটিতে ক্যাম্প করার কথা রয়েছে।
এ অবস্থায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আন্তর্জাতিক দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

