কুরাসাওয়ের বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে জার্মানি। তবে এবার তাদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। শনিবার (২০ জুন) রাত দুইটায় ‘ই’ গ্রুপে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আইভরি কোস্ট।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করে জার্মানি। তবে আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে তরুণ উইঙ্গার ইয়ান ডিওমান্দেকে।
মাত্র ১৯ বছর বয়সী এই ফুটবলার ইতোমধ্যেই বুন্দেসলিগায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কাড়েন। তার গতি, শক্তি ও ড্রিবলিং দক্ষতা নিয়ে বেশ সতর্ক জার্মান শিবির। নকআউট পর্বের পথে এগোতে হলে ডিওমান্দেকে ঠেকানোই হবে জার্মান রক্ষণভাগের বড় লক্ষ্য।
ম্যাচের আগে জার্মান অধিনায়ক যশুয়া কিমিচ বলেন, “তার উন্নতি অবিশ্বাস্য। এক বছর আগেও খুব কম মানুষ তাকে চিনত। লাইপজিগ কিছু সমস্যার মধ্যে থাকলেও সে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছে। পুরো সময়জুড়ে ধারাবাহিক ছিল এবং মাঠে ছিল দারুণ রোমাঞ্চকর।”
২০১৪ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি জার্মানি। বরং ২০১৮ ও ২০২২ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। তাই এবার শুরুতেই নকআউট নিশ্চিত করতে মরিয়া জার্মানরা।
অন্যদিকে, ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আইভরি কোস্ট। সমান তিন পয়েন্ট নিয়ে তারা বর্তমানে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম ম্যাচের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী আফ্রিকার দলটি।

