ফিফা ফুটবল বিশ্বকাপের গত প্রায় ৬০ বছরে শিরোপা জয় তো দূরের কথা, ফাইনালেও জায়গা করে নিতে পারেনি ইংল্যান্ড। তবে এবারের বিশ্বকাপ শুরুর আগেই সম্ভাব্য শিরোপা জয়ের পর বিজয় র্যালির পরিকল্পনা নিয়ে প্রস্তুতি শুরু করেছে দেশটি। আর এ নিয়েই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও কটাক্ষ।
জানা গেছে, বিশ্বকাপ জিতলে দেশজুড়ে উদযাপনের জন্য প্রায় ৬ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে লন্ডনে একটি বড় বিজয় মিছিল আয়োজনের প্রাথমিক প্রস্তুতিও নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হওয়ার পর শিরোপা জিতলে পুরো লন্ডনজুড়ে বিজয় মিছিল করা হবে। এতে সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারের ক্রীড়া দপ্তর এবং ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) সমন্বিতভাবে কাজ করবে।
এর আগে ২০২৫ সালে ইংল্যান্ড নারী ফুটবল দল ইউরো কাপ জয়ের পর লন্ডনে প্রায় ৬৫ হাজার সমর্থকের উপস্থিতিতে বিজয় মিছিল হয়েছিল। এবার পুরুষ দল বিশ্বকাপ জিতলে আরও বড় পরিসরে উদযাপনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। পরিকল্পনার অংশ হিসেবে দোতলা বাসে করে খেলোয়াড়দের লন্ডনের বিভিন্ন অংশে ঘোরানোর কথাও রয়েছে।
তবে এখনই এমন আগাম পরিকল্পনা নিয়ে সমালোচনাও উঠেছে। অনেকের মতে, বিশ্বকাপ এখনও শুরুই হয়নি, তার আগেই বিজয় উদযাপনের প্রস্তুতি নেওয়া অযৌক্তিক। সমালোচকদের মতে, দল ফাইনালেও না উঠলে এই পরিকল্পনা অর্থহীন হয়ে পড়বে এবং এতে হাস্যরসের জন্ম হতে পারে।
উল্লেখ্য, ইংল্যান্ড সর্বশেষ ১৯৬৬ সালে ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছিল। দীর্ঘদিনের এই ট্রফি খরা কাটাতে এবার হ্যারি কেনদের ওপর বড় প্রত্যাশা রয়েছে সমর্থকদের।

