এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। এ পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, বিভিন্ন শিক্ষা বোর্ডের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা থাকায় অভিন্ন প্রশ্নপত্র চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সারা দেশে পরীক্ষার মান ও মূল্যায়নে সমতা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক নয়, সাংস্কৃতিক ও নৈতিক শিক্ষার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ না দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।
পরীক্ষা চলাকালে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বিকল্প ব্যবস্থাও রাখা হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ঝড়, অতিবৃষ্টি, বন্যাসহ যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি থাকবে এবং প্রশ্নপত্র আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
এদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ড জানিয়েছে, তাদের অধীনে থাকা ৮টি কলেজে এবার কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীন ফেরদৌসী।

