কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় লবণবোঝাই একটি কভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। এ ঘটনায় কভার্ডভ্যানের মালিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
আটকরা হলেন—সিরাজগঞ্জের কভার্ডভ্যান মালিক শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং তার সহকারী সুরুজ হোসেন।
পুলিশ সুপার জানান, চৌদ্দগ্রাম এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বড় মাদকের চালান যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। প্রথমে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ার বাজার এলাকায় একটি কভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।
তিনি আরও জানান, স্থানীয় একটি গ্যারেজে নিয়ে কভার্ডভ্যানটি তল্লাশি করা হলে গাড়ির উপরের অংশে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ১৬টি প্যাকেটে রাখা ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
মো. আনিসুজ্জামান বলেন, মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন পণ্যবাহী যানবাহন ব্যবহার করছে। তবে গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব চক্রকে আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

