সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও একজন জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কালারবাজার এলাকার কামালপুর গ্রামের সাবির আলী (৪০) ও হামিদ মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি নৌকায় করে তিন জেলে জুড়ি নদীসংলগ্ন হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা সাবির আলী ও হামিদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের সঙ্গে থাকা অপর একজন জেলে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল করিম জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে হাওরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নিহত দুই জেলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।
তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

